বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ২০:২০

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ

ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কাউখালী উপজেলায় আজ ঘাগড়া বাজারে স্থানীয়দের মধ্যে দুর্ঘটনাজনিত আগুন নিয়ন্ত্রণের লক্ষ্যে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন।

আজ শনিবার বেলা ১২টায় রাঙ্গামাটি রিজিয়ন এবং রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে ঘাগড়া ক্যাম্পের আওতাধীন ঘাগড়া বাজারে অগ্নিনির্বাপক যন্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত।

এ সময় ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, ঘাগড়া বাজার কমিটির সভাপতি শাস্তি মনি চাকমা ও সাধারণ সম্পাদক  জিসু মনি চাকমা, ঘাগড়া বাজার সিএনজি সমিতির সাধারণ সম্পাদক রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগনের আর্থসামাজিক উন্নয়ন সহ জনকল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুতি জোরদার রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।