বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৯:৪২

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

মেহেরপুর, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার মুজিবনগর উপজেলায় আজ বাড়ির বাথরুমে বালতিতে রাখা পানিতে ডুবে ইব্রাহিম ইবনে আরিয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা এগারোটার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ইব্রাহিম ইবনে আরিয়ান জেলার মুজিবনগর উপজেলায় দারিয়াপুর গ্রামের শরিয়ত হোসেন দুদুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের  বাড়ির ভেতরেই খেলছিল ছোট্ট শিশু ইব্রাহিম ইবনে আরিয়ান। সবার অগোচরে শিমুটি একসময় বাড়ির বাথরুমে ঢুকে পড়ে। সেখানে রাখা পানিভর্তি একটি বালতির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত উপুড় হয়ে ভিতরে পড়ে গেলে শিশুটি আর উঠতে পারেনি।  কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার মা বাথরুমে উঁকি দিয়ে দেখেন, পানিভর্তি বালতির মধ্যে নিথর হয়ে পড়ে আছে তার সন্তান। দ্রুত শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জাহিদুল ইসলাম বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।