শিরোনাম

সাতক্ষীরা, ২৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানকালে একহাজার ৬৪৯ বোতল নেশা জাতীয় মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত শনিবার ভোর রাত ২টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের খানজিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।আটককৃত দুই মাদক কারবারি হলেন- কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) এবং নলতা গ্রামের খোরসেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৯)।
র্যাব সূত্রে জানায়, সীমান্ত নদী ইছামতি পার হয়ে একদল মাদক চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে মাদকের একটি বড় চালান নিয়ে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের খানজিয়া গ্রামে বেচাকেনা করার জন্য অপেক্ষা করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (এসপি) মো রেজাউল হকের নেতৃত্বে র্যাব ও বিজিবির একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে কামাল হোসেন ও ইমরান হোসেন নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের নিজ নিজ বাড়ি থেকে একহাজার ৫৬২ বোতল উইন কোরেক্স ও ৮৯ বোতল স্কাফ সিরাপসহ সর্বমোট এহাজার ৬৪৯ বোতল নেশা জাতীয় মাদক জব্দ করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল হক জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের এবং জব্দকৃত মাদকসহ আসামিদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।