শিরোনাম

নওগাঁ, ২৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার রাণীনগর উপজেলায় আজ ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোছা. জামিনা (৩০) নামের এক নারী নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে রাণীনগর উপজেলার কৌনজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোছা. জামিনা জেলার রাণীনগর উপজেলায় উপজেলার হরিশপুর গ্রামের মো. কমলা হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার হরিশপুর গ্রাম থেকে শনিবার সকালে ৮ থেকে ১০ জন নির্মাণ শ্রমিক ভটভটিযোগে উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কৌনজ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি উল্টে পড়ে যায়। এতে ভটভটিতে থাকা অন্তত ছয়জন আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নারী শ্রমিক জামিনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতরা হলেন- হরিশপুর গ্রামের মো. নয়ন, শামীম, তারেক, জাবেদ মিনা, আলামিন ও আব্দুল লতিফ। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।