শিরোনাম

দিনাজপুর, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস): সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেছেন, দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতাল শিশুদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধি করতে হাসপাতালটির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শনিবার দুপুরে দিনাজপুর শহরে অবস্থিত অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময়কালে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, দিনাজপুর তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মা এবং শিশুদের সুষ্ঠু ও মানসম্পন্ন চিকিৎসায় বেসরকারি অরবিন্দ শিশু হাসপাতাল দিনাজপুরবাসীর গর্ব। একটি পূর্ণাঙ্গ মা ও শিশু এবং অন্যান্য চিকিৎসা বিভাগে স্বাস্থ্য সেবা প্রদানে সকল সহযোগিতা আমার থাকবে। আমরা চাই দিনাজপুরের মানুষ মা ও শিশু স্বাস্থ্যের জন্য ঢাকা বা বিদেশে না গিয়ে এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করুক। এই হাসপাতালে রোগীরা যেন মানসম্পন্ন চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠতে পারে। বর্তমান পরিচালনা পর্ষদের সহাতায় আমরা সে ধরনের সহযোগিতা ও কার্যকর ব্যবস্থা করব ইনশাল্লাহ।
অরবিন্দ শিশু হাসপাতালের শিশুদের ওয়ার্ড পরিদর্শন শেষে হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য ও হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ। সভায় চলমান কার্যক্রম ও মা এবং শিশুদের স্বাস্থ্য সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা তুলে ধরেন সাধারণ সম্পাদক মো. শামীম কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মো. রেজাউল করিম, রণজিৎ কুমার সিংহ, সমাজ কল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা, নির্বাহী সদস্য এ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ঘুটু, বিধান চক্রবর্তী বাসু ও মো. মোস্তাক খান।
মতবিনিময় সভায় জেলা বিএনপি’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, সুজন চক্রবর্তী, হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মনিন্দ্র নাথ রায় ও হাসপাতালের আজীবন সদস্য আতিকুর রহমান উপস্থিত ছিলেন।