বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৯:২৬

ঢাবির কবি সুফিয়া কামাল হল সংসদের উদ্যোগে মাস্টার্স ভর্তি ও সংস্থাপন ফি কমলো

ছবি : বাসস

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের উদ্যোগে হলের মাস্টার্স পর্যায়ের ভর্তি ফি ও সংস্থাপন ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাপন ফি কমিয়ে ৯৬০ টাকা এবং মাস্টার্স ভর্তি ফি কমিয়ে ২৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কবি সুফিয়া কামাল হলে মাস্টার্স ভর্তি ফি ছিল ৩৩০০ টাকা, যা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে সর্বোচ্চ। রোকেয়া হলে এই ফি ৮০০ টাকা, শামসুন নাহার হলে ৭০০ টাকা এবং ফজিলাতুন্নেছা মুজিব ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ৫০০ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া সংস্থাপন ফি ছিল ১২০০ টাকা, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে প্রায় ১৩ বছর ধরে শিক্ষার্থীরা এই ফি কমানোর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। হল সংসদ দায়িত্ব গ্রহণের পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিক দফায় আলোচনা করে। এরই ধারাবাহিকতায় অবশেষে ফি হ্রাসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংস্থাপন ফি কমিয়ে ৯৬০ টাকা এবং মাস্টার্স ভর্তি ফি কমিয়ে ২৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী জুন-জুলাই শিক্ষাবর্ষ থেকে এই নতুন হার কার্যকর হবে।

হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী বলেন, এই অর্জন কেবল আমাদের একার নয়; বরং এটি হলের সকল শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ফল।  শিক্ষার্থীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রাত্রী বলেন, শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করে যেতে চাই।