বাসস
  ১৮ জুন ২০২৬, ০০:৫৫

দিমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ 

ফাইল ছবি

দিনাজপুর, ১৭ জুন, ২০২৬ (বাসস): দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সমাজকল্যাণ এবং  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন । 

এ ছাড়া কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। 

বুধবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বাসসকে এ তথ্য জানান। 

তিনি জানান, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র পেয়েছেন তিনি। পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহ-সভাপতি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।