শিরোনাম

ঢাকা, ১৭ জুন, ২০২৬ (বাসস) : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আজ বুধবার থেকে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস, কম্পিউটিং অ্যান্ড ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার-২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা এই মেগা সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস, পাওয়ার ও এনার্জি সিস্টেম, যোগাযোগ প্রযুক্তি, নেটওয়ার্ক ও নিরাপত্তা, স্মার্ট টেকনোলজি অবকাঠামো এবং অ্যাডভান্সড ইলেকট্রনিক্স-এর মতো সমসাময়িক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।
সম্মেলনের প্রথম দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংপিল শিন।
প্রথম দিনে শতাধিক গবেষক ১৮০টি প্রবন্ধ উপস্থাপন করেন। দুই দিনে মোট ৩৯টি সেশনে ৩০৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
তিনি বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষার উন্নতি, মানবসম্পদের মানোন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষতার ওপর। সরকার দক্ষ মানবসম্পদ গড়ার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে। সে কারণেই বর্তমান সরকার এবার শিক্ষা খাতে ৫৬ শতাংশ বাজেট বাড়িয়েছে।’
তিনি আরও জানান, সরকার শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে এবং পড়ালেখার পাশাপাশি তাদের আয়ের উৎস তৈরি করতে ‘স্মার্ট সিটি’ গড়ে তুলছে। সৃজনশীল অর্থনীতিতে এই প্রথম বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
শিক্ষার টেকসই উন্নয়নে ইউজিসি নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের সম্মেলনের মধ্য দিয়ে সারা বিশ্বের গবেষকদের সাথে দেশের শিক্ষার্থী-গবেষকদের একটি মজবুত সেতুবন্ধন রচিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘জ্ঞান সৃষ্টির প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করাই নয়, বরং সামাজিক প্রতিবন্ধকতারও বৈজ্ঞানিক সমাধান করা। মানবজাতি এখন এক অভূতপূর্ব রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই রূপান্তরে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে।’
উপাচার্য আরও বলেন, এই আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববরেণ্য প-িতদের সাথে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময়ের এক মূল্যবান সুযোগ সৃষ্টি করেছে। এখান থেকে নতুন নতুন ধারণা ও দিক-নির্দেশনা পেয়ে তরুণরা গবেষণায় আরও বেশি উদ্বুদ্ধ হবে।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বুয়েটের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, অধ্যাপক ড. সিলিয়া শাহনাজ, অধ্যাপক ড. মো. ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন।
আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের সমাপনী দিনেও শতাধিক দেশি-বিদেশি গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।