বাসস
  ৩০ মার্চ ২০২৬, ২০:০৬

সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা শুরু ৫ এপ্রিল

সিলেট, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): সিলেটে শুরু হতে যাচ্ছে ১১ দিনব্যাপী ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬’। আগামী ৫ থেকে ১৫ এপ্রিল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সাহিত্য সংগঠন কমল সাহিত্য পরিষদ, সিলেট এ মেলার আয়োজন করেছে। 

আয়োজকরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।

মেলায় বই প্রদর্শনীর পাশাপাশি চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্লাড ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচি থাকবে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ আয়োজনও করা হয়েছে।

৫ এপ্রিল বিকেল ৪টায় মেলার উদ্বোধন এবং ১৫ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার শেষ হবে।