বাসস
  ৩০ মার্চ ২০২৬, ২০:০০

বরিশালে বস্তিতে আগুন, ৩টি ঘর পুড়ে ছাই

বরিশাল, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : বরিশাল নগরীর একটি বস্তিতে আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

আজ সোমবার বিকেলে নগরীর বান্দরোডের ঈদগাহ মাঠ সংলগ্ন এলএইচডি ঘাট বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, বিকেলে হঠাৎ করে বস্তির বাসিন্দা নুরুল ইসলাম কালুর ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুতই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পরে। এতে জাপান বেপারি ও ইউনুস খানের ঘরও পুড়ে যায়। 

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, ওই বস্তিতে ২০০ এর অধিক বসতবাড়ি ও দোকান রয়েছে। রাতে এ আগুনের ঘটনা ঘটলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করে বলা যাবে।