বাসস
  ৩০ মার্চ ২০২৬, ২০:০২

পঞ্চগড়ে এক নারীকে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

রংপুর, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পঞ্চগড় সদর থানার টুনিরহাট গ্রাম থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ রবিবার বিকেলে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। 

আজ দুপুরে এখানে র‌্যাব-১৩-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারী জেলার জলঢাকা থানার অন্তর্গত নেকবক্ত জাসিপাড়া গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন (৩৫) এবং তার স্ত্রী মোছা শিউলী বেগম (৩০)।

বিবৃতিতে বলা হয়, প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেন একই গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী রূপভান আক্তারকে (৩০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ১৭ লাখ টাকা নিয়েছিল।

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়ায় সম্প্রতি ভুক্তভোগী রূপভান আক্তার প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেনের কাছে টাকা ফেরত চান।

টাকা ফেরত না দেওয়ার উদ্দেশ্যে অভিযুক্ত মো. জাকির হোসেন বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে হত্যার হুমকিও দিয়েছে।

এরই ধারাবাহিকতায়, অভিযুক্ত মো. জাকির হোসেন ২০২৬ সালের ১ মার্চ দুপুরে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে রংপুর শহরের মেট্রোপলিটন কোতোয়ালি থানার অন্তর্গত ইসলামবাগ শান্তিধারা এলাকায় তার ভাড়া বাড়িতে নিয়ে যায়।

সেখানে মূল অভিযুক্ত মো. জাকির হোসেন তার সহযোগীদের নিয় ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার ভাড়া বাড়ির একটি ঘরে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

পরে, ২ মার্চ ভুক্তভোগীর ভাই মো. আতাউর রহমান রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোপন তথ্যের ভিত্তিতে, রংপুর সদর ও নীলফামারী ক্যাম্পের র‌্যাব-১৩-এর একটি যৌথ অভিযান দল রবিবার বিকেল ৩.১০ মিনিটে পঞ্চগড় জেলার টুনিরহাট গ্রামে অভিযান চালিয়ে হত্যাকারী দম্পতিকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এলিট ফোর্স গ্রেপ্তারকৃত দুই অভিযুক্তকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।