বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৮:১১

রাঙ্গামাটিতে মাতৃদুগ্ধ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

রাঙ্গামাটি, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় আজ মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধিমালা ২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস আলী।
 জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. রওশন জাহান আলো, খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. জয়াশীষ রায়, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা জেরিন প্রমুখ। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক বলেন, শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। তবে কোন শিশুর যদি মা না থাকেন, তাহলে অন্য কোন গুঁড়ো দুধ খাওয়াতে হবে। সে ক্ষেত্রে একজন চিকিৎসকের প্রেসক্রিপশন দরকার পড়ে। এছাড়া লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো গুঁড়ো দুধ বিক্রি করতে হলে শর্ত হিসেবে রেজিস্ট্রেটকৃত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া গুঁড়ো দুধ বিক্রি করতে পারবে না। এ বিষয়ে সচেতন থাকতে তিনি সকলকে আহবান জানান।