বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৭:২৬

টাঙ্গাইলে তেল মজুদ রাখায় ফিলিং স্টেশনকে জরিমানা

জেলার কালিহাতীতে জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাসস

টাঙ্গাইল, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার কালিহাতীতে জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে এ জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম বাসসকে জানান, জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনার অংশ হিসেবে সোমবার কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়ে ছিল। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে, জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং মোবাইল কোর্ট ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।