বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৭:১৪

নানা অভিযোগে চুয়াডাঙ্গায় ৩ দোকানিকে জরিমানা

জ্বালানি তেল ওজনে কম দেওয়াসহ নানা অভিযোগে চুয়াডাঙ্গায় ৩ দোকানির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : জ্বালানি তেল ওজনে কম দেওয়াসহ নানা অভিযোগে চুয়াডাঙ্গায় ৩ দোকানির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর ও দৌলতদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা  হয়। 

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে জ্বালানি তেল, ওষুধ, সার ও বীজের দোকান তদারকি করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ভালাইপুরের আব্দুল কুদ্দুস এর প্রতিষ্ঠান মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার ও কীটনাশককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া অবৈধভাবে সার বিক্রি, ভাউচার সংরক্ষণ না করায় তুষার আলীর প্রতিষ্ঠান মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং দৌলতদিয়া এলাকায় পরিমাপক যন্ত্রে কারচুপি করায় মশিউর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রহমান অটোমোবাইলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ দোকানিকে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।