বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৪:৩১

কুষ্টিয়ায় মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কুষ্টিয়া, ৩০ মার্চ ২০২৬ (বাসস): জেলার কুমারখালীতে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানের অন্য ৪ যাত্রী।

গতকাল রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার লাহিনী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের লালাদাড়ি গ্রামের আবু মুসার পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে আজিম উদ্দিন মোটরসাইকেলে কুষ্টিয়া শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি ব্যাটারিচালিত পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় আজিম রাস্তার উপর ছিটকে পড়ে মারা যান। এতে আহত হন ভ্যানে থাকা চার যাত্রী। আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।