শিরোনাম

খুলনা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): ‘নারীর হাতে আগামীর সমৃদ্ধি, দক্ষ নারী আনবে মুক্তি’ প্রতিপাদ্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় ১৪৫ জন দুস্থ ও অসহায় নারীকে সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে ডেভেলপমেন্ট অব মহিলা সোসাইটি।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস সালাম।
খুলনা ডেভেলপমেন্ট অব মহিলা সোসাইটির নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ফৌজিয়া জেসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মধুমতি ব্যাংকের এফএভিপি এবং ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন, খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, আনিসুর রহমান প্রমুখ।