শিরোনাম

কুমিল্লা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : কুমিল্লা নগরীর নাগরিক সেবার মান উন্নয়ন ও কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কুমিল্লা সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সভায় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওয়ার্ড পর্যায়ে সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নাগরিকদের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পৌঁছে দেয়া নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে হলে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয় বাড়াতে হবে এবং সেবার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সভায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ কুসিকের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা নাগরিক সেবা প্রদানে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে মতামত তুলে ধরেন।