বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৬:৩০

রাজশাহীতে মহান স্বাধীনতা দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

ছবি : সংগৃহীত

রাজশাহী, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।

২৬ মার্চ (আগামীকাল) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর জেলা পুলিশ লাইনস্ ৩১ বার তোপধ্বনি দেওয়া হবে।

পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সকাল ৮টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।

দিবসটির উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় সব মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া করা হবে।

এদিন সরকারি হাসপাতাল, জেলখানা, শিশুনিবাস, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন প্রতিষ্ঠান এবং ডে-কেয়ার সেন্টারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বিশেষ খাবারের আয়োজন করা হবে।

শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন কাগজ দিয়ে সাজানো হবে। গুরুত্বপূর্ণ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

দিনটি উপলক্ষে রাজশাহী জেলার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীন সব জাদুঘর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। বিনোদন কেন্দ্রগুলোতেও শিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

জেলার সিনেমা হলগুলোতে শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বিনামূল্যে প্রদর্শন করা হবে এবং জেলা পর্যায়ের মিলনায়তন বা উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

বিকেল ৫টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।