বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৫:৩০

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

ছবি: বাসস

রাজবাড়ী, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত গোল্ডেন লাইন পরিবহনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে গতকাল এক অভিযানে এ জরিমানা আদায় করা হয়। 

যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের এসি কোস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৭০২) বাসটি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৮০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা আদায় করছিল। এ অভিযোগের ভিত্তিতেই বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা খুঁজে পায় ভ্রাম্যমাণ আদালত। সুপারভাইজারের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। 

ঢাকাগামী যাত্রী সাইফুল বলেন, আমরা বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে টিকিট কেটেছিলাম। বাস কাউন্টারে গত কয়েকদিন এভাবেই ভাড়া আদায় করছিল। অতিরিক্ত ভাড়ার জন্য যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে যাচ্ছিল। আজ তাদের কিছুটা হলেও একটু শাস্তি হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।