বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৫:২৫

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  

ছবি: বাসস

চাঁদপুর, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় জেলার সদর উপজেলার দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং পচা বাসী মিষ্টির রস সংরক্ষণ করার অপরাধে ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় জনসেবা ফার্মেসি মালিককে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এসময় নষ্ট পচা মিষ্টির রস ধ্বংস করা হয়। 

চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।