বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৫:১৫

চন্দনাইশে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২, আহত ৬

চট্টগ্রাম (দক্ষিণ), ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার চন্দনাইশে দাঁড়িয়ে থাকা রিকশায় প্রাইভেটকার ধাক্কা দেওয়ায় রিকশার যাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

আজ সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি রিকশায় দ্রুত গতির একটি প্রাইভেট কার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দোহাজারীর দাশ পাড়ার বাবুল দে (৬৫) ও  রঞ্জিত ধর (৫৫)। আহতরা হলেন, দিলীপ মল্লিক (৬২), টিকলু বিশ্বাস (৪০) প্রাইভেটকারের যাত্রী মো. রিয়াদ (৪০), জেরিন আফরোজ (৬৫), মো. এহসান (৪০) ও মশিউর রহমান (৪৩)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আহতদের মুমূর্ষু অবস্থায় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। আহতদের চমেক হাসপাতালে নিয়ে গেলে বাবুল দে ও রঞ্জিত ধরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দীন চৌধুরী বলেন, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। দুর্ঘটনায় কবলিত গাড়ি ও রিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।