বাসস
  ৩০ জুন ২০২৬, ১৪:০১

স্বাস্থ্য সহকারীদের স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির তথ্য চাইল স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস): স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত এসআইটি (SIT) কোর্স সম্পন্ন স্বাস্থ্য সহকারীদের স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির লক্ষ্যে জ্যেষ্ঠতা তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র ১০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত যেসব স্বাস্থ্য সহকারী ৫৩তম থেকে ৫৪তম ব্যাচ পর্যন্ত এসআইটি কোর্স সম্পন্ন করেছেন এবং স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন, তাদের পদোন্নতি প্রক্রিয়া এগিয়ে নিতে জ্যেষ্ঠতা তালিকা হালনাগাদ করা হবে।

এজন্য সংশ্লিষ্টদের নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র নিম্নস্বাক্ষরকারীর কাছে পাঠাতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র, মূল চাকরিবই (যারা ফেরত নিয়েছেন), বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), হালনাগাদ চাকরি সন্তোষজনক প্রত্যয়নপত্র এবং বিভাগীয় মামলা নেই-মর্মে হালনাগাদ প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

তবে যেসব প্রার্থীর ২০২১ ও ২০২২ সালের এসিআর ইতোমধ্যে জমা রয়েছে, তাদের পুনরায় ওই দুটি বছরের এসিআর জমা দেওয়ার প্রয়োজন হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিতে ব্যর্থ হলে, পরবর্তীতে তা গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) এবং জ্যেষ্ঠতা তালিকা যাচাই-বাছাই কমিটির সদস্য-সচিবের স্বাক্ষর রয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য সহকারী পরিচালক (এমআইএস)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশের সকল পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।