শিরোনাম

কক্সবাজার, ৩০ জুন, ২০২৬, (বাসস): জেলার রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টে যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
এসময় পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ এবং দুইজনকে আটক করা হয়।
গতকাল সোমবার সকাল ১০টায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রামু উপজেলা প্রশাসন এবং উখিয়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে মরিচ্যা বিজিবি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালীর বাসিন্দা মো. জাহেদ হোসেন (২৫) এবং মিনিট্রাক চালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির বাসিন্দা সৈয়দ করিম (২৭)। বর্তমানে তিনি রামুর ফতেখাঁরকুল এলাকায় বসবাস করছেন।
বিজিবি জানিয়েছে, রামুর চৌমুহনী এলাকার একটি গুদাম থেকে উখিয়ার পালংখালী সীমান্তের দিকে একটি মিনিট্রাকে করে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে পরিবহন করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এক পর্যায়ে রামুর দিক থেকে যাওয়া মিনি ট্রাকটি বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টে পৌঁছালে থামানো হয়।
পরে মিনি ট্রাকটি তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। এসময় মিনি ট্রাকটি জব্দ করে চালকসহ দুইজনকে আটক করা হয়।
জব্দ করা ইউরিয়া সার ও মিনিট্রাকসহ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ আটক চোরাচালানকারীদের বরাত দিয়ে বলেন, জব্দকরা ইউরিয়া সারগুলো মিয়ানমারে পাচারের জন্য উখিয়া উপজেলার কুতুপালং বাজারে মজুদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, জব্দ করা সার, পরিবহনে ব্যবহৃত গাড়ি ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তের চোরাচালান প্রতিরোধের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।
কক্সবাজারে ১০০ বস্তা সার জব্দ, ২ পাচারকারী আটককক্সবাজারে ১০০ বস্তা সার জব্দ, ২ পাচারকারী আটক