শিরোনাম

রাজশাহী, ৩০ জুন, ২০২৬ (বাসস) : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রায় ১ হাজার ১০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রাসিক এনেক্স ভবনের সিটি হল রুমে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত ও ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ বাজেট ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এই বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান ধরা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা। উল্লেখ্য, এই অর্থবছরের মূল বাজেট ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা।
বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, আগামী দিনে নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রেখে এই নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন এ বাজেটে নাগরিকদের কোনো প্রকার কর বৃদ্ধি করা হয়নি।
তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে। এ সময় তিনি রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ, বসবাসযোগ্য ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না এবং সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। রাজশাহীর উন্নয়ন, সম্ভাবনা এবং ইতিবাচক অগ্রযাত্রাকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনার মাধ্যমে দেশে-বিদেশে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সকলের সহযোগিতায় রাজশাহীর সুনাম, মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।