শিরোনাম

রাজশাহী, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
আটককৃতরা হলেন, মজিবুর রহমান বকুল (৪৭) ও তার স্ত্রী মোসা. সম্পা খাতুন (২৮)। তারা পবা থানার তুরাপুর (তেগোর) এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে নগরীর মহানন্দাখালী এলাকায় বসবাস করছিলেন।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানাধীন সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে খবর পায় যে, শাহমখদুম থানা এলাকার একটি বাসায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায় অবস্থান করছে।
বিষয়টি জানার পর র্যাব সন্তোষপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করে ও স্বামী-স্ত্রীকে আটক করে। একই সঙ্গে মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।
তবে অভিযানের সময় বাড়ির ভাড়াটিয়া মো. সামসুল আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দম্পতি স্বীকার করেছেন যে, তারা পলাতক আসামী সামসুল আলমের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন। বিক্রির উদ্দেশ্যেই তারা এ গাঁজা ও হেরোইন ওই বাসায় মজুদ করেছিলেন। আটককৃতদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা মামলা দায়ের করা হয়েছে।