বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১১:২৫

পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

পঞ্চগড়, ২৫ মার্চ ২০২৬ (বাসস): জেলা শহরের টিনপট্টি রোড বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। স্থানীয়দের ধারণা, এ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা ছিল অত্যন্ত ভয়াবহ। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে পাশের কাপড়ের মার্কেটসহ পুরো বাজারে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে তারা এখন নি:স্ব হওয়ার পথে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ৬টি দোকানে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।