শিরোনাম

চট্টগ্রাম, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দু’টি জাহাজ রেজকি এবং সোভারচেনি চট্টগ্রামে পৌঁছেছে।
রাশিয়ান নৌবাহিনীর জাহাজ দু’টি মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজ বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মান্যবর উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে, জাহাজসমূহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজসমূহের অধিনায়কগণ এবং বাংলাদেশে নিযুক্ত ‘রাশিয়ার মান্যবর উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ সফরসূচির অংশ হিসেবে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমিতে রাশিয়ান নাবিক ইউভি রেডকিন-এর সমাধিস্থল রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই সঙ্গে নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।
একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণও রাশিয়ান জাহাজসমূহ পরিদর্শন করবেন।
এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। উল্লেখ্য, সফর শেষে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ দ্বয় আগামী ২৭ মার্চ, ২০২৬ তারিখ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।