বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৮:০৮

বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল, ২৪ মার্চ ২০২৬ (বাসস): জেলার গৌরনদী উপজেলায় আজ ডোবার পানিতে ডুবে রমজান হাওলাদার (৩) ও মোহাম্মদ মৃধা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 
আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু রমজান হাওলাদার জেলার গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের ছেলে। অন্যদিকে, মৃত শিশু মোহাম্মদ মৃধা জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার ছেলে। দুই শিশু সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। 

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামের মোশারফ হাওলাদারের মেয়ে আয়শা বেগম ঈদের পরদিন রোববার সকালে ছেলে শিশু রমজান ও দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশু রমজান ও শিশু মোহাম্মদ বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশু রমজান ও শিশু মোহাম্মদকে  উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে নিকটস্থ পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।