বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৮:০২

মুন্সিগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : মুন্সিগঞ্জে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেনু জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা আজ ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক তিনটি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯১ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।