বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৬:৫০

নওগাঁয় দশ জুয়াড়ি আটক

নওগাঁ, ২৪ মার্চ, ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চাকলা বাজারের দক্ষিণ পাশে ছোট যমুনা নদীর পাড় চাকলা ঘাট থেকে তাদের আটক করা হয়। এসময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও দুই বান্ডিল খেলার তাস জব্দ করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নওগাঁ পুলিশ মিডিয়া সেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- আতিকুর রহমান (৩০), মইন উদ্দিন (৪৫), জয়নাল (৪৭), রহিম (৪০), মাসুদ রানা (৪২), মোফাজ্জল (৪৪), মাসুদ (৪০), আবু হাসান (৩৪), শফিকুল (৩৪), খালিদ হাসান ওরফে রাজু (৪০)। তারা সবাই নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।

নওগাঁ পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়, সদর থানার চাকলা বাজারের দক্ষিণ পাশে ছোট যমুনা নদীর পাড় চাকলা ঘাটে কতিপয় জুয়াড়ি টাকা বাজি ধরে তাস খেলার মাধ্যমে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা একটা অভিযানিক দল সেখানে রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বাসস’কে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।