বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৫:৪৭

নোয়াখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালী, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিদুল ইসলাম সিয়াম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওছিম উদ্দিন হাজী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই বাড়ির আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নূর আলম মামুন জানান, সকালে বাড়ির সামনের মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে সিয়াম।

একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ ইউসুফ বাসস’কে জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।