শিরোনাম

নেত্রকোণা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতকরণ এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম অংশ নেন।
অভিযানকালে শহরের এ আর খান পাঠান ফিলিং স্টেশন ও মোনাকো ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা মোতাবেক পেট্রল, অকটেন ও ডিজেলের মজুদ এবং বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পাম্প কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এরপর প্রশাসনের দলটি শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখানে শাহজালাল, রফরফ ও ভাটিবাংলাসহ বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি-না তা খতিয়ে দেখা হয়। এ সময় পরিবহণ সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত ভাড়ার বেশি না নিতে সতর্ক করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জনস্বার্থে এবং বাজার ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।