শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস): শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই দুটি আসনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শেরপুর-৩ আসনের নির্বাচন: নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. মাহমুদুল হক রুবেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মাসুদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলে (মার্কসবাদী) একজন করে প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ওই এলাকার একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করছে।
বগুড়া-৬ আসনের নির্বাচন: নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের নির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. রেজাউল করিম বাদশা। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থীও এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৬ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত ৪১ বগুড়া-৬ আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদেরকে নির্বাচন কমিশন আহ্বান জানাচ্ছে এবং নির্বাচনের সময়সূচি ঘোষণা করছে।
ইসির তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২ মার্চ।
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ৫ মার্চ।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ।
আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৫ মার্চ।
গত ২৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আলাদা প্রজ্ঞাপন জারি করে ইসি।