শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশের নতুন অধ্যায়ে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ অব্যাহত রাখার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি নতুন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছি। মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আলোচনায় আমরা যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করেছি।’
ব্রিটিশ দূত জানান, আলোচনায় অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।
সারাহ কুক আরো বলেন, ‘আমাদের অভিন্ন অগ্রাধিকারসমূহের সমর্থনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি।’
দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা জানেন যে, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে এবং দেশের এই নতুন অধ্যায়ে আমরা ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ চালিয়ে যেতে অত্যন্ত আগ্রহী।’