বাসস
  ০২ মার্চ ২০২৬, ২২:০৯

মালদ্বীপে প্যানেল আলোচনায় বক্তারা : ভাষা একটি জাতির ঐতিহ্য, ইতিহাস ও জ্ঞানচর্চার ধারক

ছবি: সংগৃহীত

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : মালদ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক প্যানেল আলোচনায় বক্তারা বলেছেন, ভাষা কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি একটি জাতির ঐতিহ্য, ইতিহাস ও জ্ঞানচর্চার প্রধান ধারক। 

বক্তারা আরও বলেন, মাতৃভাষা রক্ষা করার মাধ্যমেই একটি জাতির স্বকীয় পরিচয় এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব সংরক্ষণ করা সম্ভব।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি (এমএনইউ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গতকাল রোববার বক্তারা এসব কথা বলেন। 

আজ সোমবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ পর্বে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপের ধিভেহি বাহুগে একাডেমির সভাপতি কবি হাসান শাকির মোহামেদ বহুভাষিক শিক্ষার প্রসারে উভয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘ভাষা একটি জাতির দীর্ঘদিনের সঞ্চিত জ্ঞান ও সংস্কৃতির বাহন। ভাষাগত বৈচিত্র্য মানবসভ্যতার এক অমূল্য সম্পদ।’ তিনি আরো বলেন, মাতৃভাষা রক্ষা করা মানেই হচ্ছে নিজের শেকড়কে ধরে রাখা।

ধিভেহি বাহুগে একাডেমির সহ-সভাপতি জুলফা ইব্রাহিম বলেন, ‘ভাষা একটি জাতির ঐতিহ্য, ইতিহাস ও জ্ঞানচর্চার ধারক। ভাষা রক্ষা মানেই ভবিষ্যৎ প্রজন্মের পরিচয় সংরক্ষণ। ভাষাগত বৈচিত্র্য মানবসভ্যতার এক অমূল্য সম্পদ বলেও তিনি উল্লেখ করেন।

ভাষা আন্দোলনের বিশ্বজনীন প্রেরণা মূল প্রবন্ধে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘মাতৃভাষা মানুষের সাংস্কৃতিক অস্তিত্ব ও মর্যাদার ভিত্তি। ভাষা আন্দোলনের আত্মত্যাগ বিশ্বজুড়ে ভাষাগত অধিকার রক্ষার লড়াইয়ে এক ঐতিহাসিক প্রতীক ও অনুপ্রেরণা হিসেবে কাজ করে।’

তিনি বিশ্বায়নের যুগে মাতৃভাষার স্বকীয়তা বজায় রেখে বহুভাষিক শিক্ষার প্রসারে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক ঐক্য ‘মাতৃভাষা সংরক্ষণে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনায় মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক ড. আমিনাথ জাহির ও আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশি দন্ত চিকিৎসক ড. সাদিয়া হক অংশগ্রহণ করেন। বক্তারা আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষাপ্রীতি জাগ্রত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এমএনইউ বিজনেস স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় বাংলা ও ধিভেহি ভাষায় সাহিত্য, আবৃত্তি এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শিত হয়।

প্যানেল আলোচনায় সঞ্চালনা করেন এমএনইউ’র জ্যেষ্ঠ প্রভাষক আইধা হাম্মাদ।