বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৭

রাজশাহীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গেলেন ভূমিমন্ত্রী মিনু

শনিবার রাতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. জাহাঙ্গীরের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : বাসস

রাজশাহী, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. জাহাঙ্গীরের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
গতকাল শনিবার রাতে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত ডা. জাহাঙ্গীরের বাসভবনে তিনি সাক্ষাৎ করতে যান। মিনু গিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হাসি মুখে বুকে জড়িয়ে নেন।

সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। তিনি রাজশাহীর উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এ সময় ডাক্তার জাহাঙ্গীর বলেন, আগামীর রাজশাহী সুন্দর করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে রাজশাহীকে এগিয়ে নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো। আগামী দিনে সবাই মিলে মিশে সুন্দর রাজশাহী গড়ে তুলবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, জামায়াত নেতা আমিনুল ইসলামসহ বিএনপি ও মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। 

সৌজন্য সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভূমিমন্ত্রী এবং জামায়াত প্রার্থীর প্রশংসা করেন নেটিজেনরা।