শিরোনাম

চট্টগ্রাম, ২ জুলাই, ২০২৬ (বাসস): দেশের মানুষের জন্য কাজ করতে কোন পদ-পদবি বা রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন হয় না, আন্তরিকতা এবং চেষ্টাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারীস্থ রিসার্চ ও ফার্ম-বেইসড ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন-চট্টগ্রাম বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন করা হয়েছে আত্মমানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য। এই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রান্তিক পর্যায়ের জনগণকে স্বাবলম্বী করার জন্য এবং সহায়তা করার জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছিল। শুরু থেকে আজ অবধি এই সংগঠনেরর প্রতিটি কর্মকা- দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে পরিচালিত হয়ে আসছে।
এর আগে একটি নিম গাছের চারা রোপণ করে প্রতিমন্ত্রী মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান প্রমুখ।