শিরোনাম

বাগেরহাট, ২ জুলাই, ২০২৬, (বাসস): উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে মোংলায় বিশেষ ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির অধীনে এবং ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স-এর অর্থায়নে ‘রেইন ফর লাইফ প্রোজেক্ট’-এর আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মোংলার চিলা ইউনিয়নের কলাতলা গ্রামের পশুর নদীর পাড়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে উপকূলের মানুষ ও বাস্তুতন্ত্র রক্ষা করার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের আওতায় স্থানীয় বনাঞ্চলে মোট ৩৫ হাজার চারা রোপণ ও বীজ বপন করা হবে।
এ কর্মসূচির উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা ও পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ এবং ব্র্যাক প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস।
এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, সরকার আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে।
মোংলা উপজেলা অত্যন্ত জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় এখানে বনায়ন খুবই জরুরি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ব্র্যাকের এই ম্যানগ্রোভ বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি উপকূলের মানুষ ও প্রকৃতি রক্ষায় গাছ রোপণের পাশাপাশি তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।