বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬

প্রিটোরিয়ায় শহীদ দিবস পালিত

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করেছে বাংলাদেশ হাইকমিশন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করেছে বাংলাদেশ হাইকমিশন। ১৯৫২ সালের ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশে ফেব্রুয়ারি ভোরে হাইকমিশন প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী চ্যান্সারি চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর প্রিটোরিয়ায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

একুশের তাৎপর্য তুলে ধরতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বজনীন গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার তার বক্তব্যে ভাষা আন্দোলনের চেতনা সমুন্নত রাখার পাশাপাশি প্রবাসীদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নতুন সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষ্যে প্রবাসী শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।