বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৭

জীবনমান উন্নয়নে উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের সঙ্গে আয়োজিত বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ. জেড. এম জাহিদ হোসেন। ছবি: বাসস

দিনাজপুর, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শিশু ও মহিলা বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নে উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, রাস্তার অব্যবস্থাপনার কারণে যেন আর কোনো মাকে বলতে না হয়- ‘রাস্তা ভালো না থাকার কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে।’

আজ দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের সঙ্গে আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের মানুষকে দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। মাতৃভাষার মাসে দায়িত্ব গ্রহণ করা এ সরকারের লক্ষ্য হচ্ছে দল-মত নির্বিশেষে সবার কল্যাণ নিশ্চিত করা।

নিজ নির্বাচনী এলাকার চারটি উপজেলার উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়তে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, তাঁদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে এবং আজ তিনি চিকিৎসক ও মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারছেন। এ জন্য তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল মতিন, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোরশেদ আলী খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান মন্ডল।

বৈঠক শেষে মন্ত্রী দিনের কর্মসূচি অনুযায়ী ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন। পরে সন্ধ্যায় বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতারে অংশ নেবেন। এরপর সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন বলে তার সফরসঙ্গীরা জানিয়েছেন।