বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৯
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪২

ধর্মান্ধ শক্তি যেন আবারো আমাদের পরাধীনতার জিঞ্জিরে বাঁধতে না পারে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

শুক্রবার পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: বাসস

পঞ্চগড়, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো অপশক্তি বা ধর্মান্ধ শক্তি যেন আবারো আমাদের পরাধীনতার জিঞ্জিরে বাঁধতে না পারে, বিএনপির সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা আপনাদের (সনাতন ধর্মাবলম্বী) প্রদান করছি।

আজ শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনভাবে সনাতনীরা যাতে ধর্মীয় কর্মকাণ্ডগুলো করতে পারেন, সেই ক্ষেত্রে বিএনপি সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এবারের নির্বাচন বাংলাদেশের জন্য অন্তত গুরুত্বপূর্ণ ছিল। নির্বাচনে ২১৪ টি আসনে একক সংখাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছি। এই নির্বাচনে আমাদের সনাতন ভাই ও বোনেরা আমাদের ভোট দিয়েছে। আপনাদের আশ্বস্ত করতে চাই- ব্যক্তিগতভাবে আমি আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো। আপনারা নিরাপদভাবে যেন পূজা-অর্চনা করতে পারেন, সেজন্য আমাদের সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বদেশ্বরী মন্দিরের সভাপতি নিতিশ কুমার মুকুল বকশীসহ সনাতন ধর্মাবলম্বীরা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।