বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৪

রাজবাড়ীতে ১৩ প্রার্থীর ৯ জন জামানত হারিয়েছেন

রাজবাড়ী, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ২টি সংসদীয় আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে ৯ জন জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন রাজবাড়ী-১ আসনের দুই প্রার্থী যথাক্রমে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী এডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস।

অপরদিকে রাজবাড়ী-২ আসনের ৯ প্রার্থীর মধ্যে ৭ জন জামানত হারিয়েছেন। তারা হলেন, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি নাসিরুল হক সাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাত পাখা) মার্কা প্রতীকের প্রার্থী মো. আব্দুল মালেক, খেলাফত মজলিশের (দেয়াল ঘড়ি) প্রতীকের কাজী মিনহাজুল আলম, গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জাহিদ শেখ।  বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের (ছড়ি ) প্রতীকের প্রার্থী মো. আব্দুল মালেক মণ্ডল, জাতীয় পার্টির (লাঙল) প্রতীকের প্রার্থী সফিউল আজম খান এবং ফুটবল প্রতীকের প্রার্থী মো. সোহেল মোল্লা।