বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে লুট হওয়া শর্টগানসহ আটক এক

সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে হারেজ মিয়া (৩২) নামের একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ছবি: বাসস

শেরপুর, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে ১টি অবৈধ শর্টগানসহ হারেজ মিয়া (৩২) নামের একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

সোমবার ভোররাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারি এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃত হারেজ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারি পশ্চিম সৈনিক পাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।

আজ দুপুরে শেরপুর সেনা ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে পুলিশ স্টেশন থেকে একটি শর্টগান লুট করা হয়।

পরে দীর্ঘদিন পর গোপন সংবাদে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সদরের সাপমারি থেকে অস্ত্রসহ হারেজ মিয়াকে আটক করা হয় এবং তার কাছ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী শেরপুর জেলার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অঙ্গীকারবদ্ধ। এছাড়া যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বাসস’কে জানান, আটক হারেজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।