শিরোনাম

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনেকে। সেটাকে প্রতিরোধ ও কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে কাজ করতে হবে।
আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর- চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষকে আশ্বস্ত করতে হবে। বিভ্রান্ত হতে দেওয়া যাবে না। কারণ এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প।
তিনি আরো বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। তা যাতে সঠিকভাবে করা যায়, সেই লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদের কাউকে স্পর্শ না করে, সে ব্যাপারে সবাই সচেতন থাকতে হবে।
বর্তমান সরকার ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।