বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৫

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

সিলেট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেটে আজ শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ দুইজন নিহত হয়েছেন।

নিহত এএসআই আতিকুর রহমান জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন। সিলেট-তামাবিল মহাসড়কে কর্তব্য পালনরত অবস্থায় ট্রাকের চাপায় তিনি নিহত হন। 

আজ বিকেল তিনটার দিকে জৈন্তাপুরের দরবস্তে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

নিহত আতিকুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামে। তার বাবার নাম মো. সামছুল হক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মহাসড়কের দরবস্ত টেংরা এলাকায় দায়িত্ব পালনকালে তামাবিলগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন এএসআই আতিকুর রহমান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাকের চালক মঞ্জুর হোসেন ও হেলপার ফয়সালকে আটক করেছে পুলিশ। আটককৃতরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর এলাকার বাসিন্দা। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে সিলেট নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাজহারুল ইসলাম রানা (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার বন্ধু মো. লিজান (১৪) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার দুপুর সোয়া ১ টায় দিকে নগরের বালুচর সড়কের মাদানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম রানা নগরের উপশহর সি-ব্লকের মোহাম্মদ রাজু মিয়ার ছেলে। আহত মো. লিজান উপশহর বি-ব্লকের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বালুচর মাদানি এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সেটি ফুটপাতে উঠে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়। গুরুতর আহত লিজানকে স্থানীয়রা সিএনজি অটোরিকশা যোগে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি বলেন, মোটরসাইকেলে দুই কিশোর আরোহী ছিল। বেপরোয়া গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় রানা নামে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।