শিরোনাম

ঠাকুরগাঁও, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫২, ৭১, ৯০ ও ২৪-কে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।
ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইএসডিওর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকারের বয়স কেবল ১৫ দিন, এর মধ্যেই আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি।
তিনি এই জেলায় তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু করার ঘোষণা দেন। ইতোমধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার বাস্তবায়নে টিম এসে পড়েছে বলে জানান।
তিনি বলেন, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার কাজ এগিয়ে যাচ্ছে। একই সাথে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজও শীঘ্রই শুরু হবে। যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ইপিজেড নির্মাণের কাজও অচিরেই শুরু হচ্ছে বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। মা-বোনদেরকে ফ্যামিলি কার্ড দেয়ার কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। আমরা কখনো হার মানিনি, মানবো না।
ইএসডিও নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদ উজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের (বোদা ও দেবীগঞ্জ) সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরের সংসদ সদস্যরা, সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনীতিবীদসহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন।