শিরোনাম

খুলনা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা টাউন জামে মসজিদে খুলনা মহানগর বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন লড়াই করেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, সাহস ও আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করছি।
তিনি আরও বলেন, জনগণের রায়ে যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে, তা যেন সত্যিকার অর্থে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথ সুগম করে-সেই প্রত্যাশাই আজকের এই দোয়া মাহফিলের মূল বার্তা।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তাঁর ত্যাগ ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা জোগায়।
তিনি বলেন, নতুন সরকারের অভিযাত্রায় আমরা চাই জনগণের প্রত্যাশা পূরণ হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং দেশের প্রতিটি মানুষ ন্যায্য অধিকার ফিরে পাক।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নতুন সরকারের সফলতা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং উত্তরোত্তর অগ্রগতি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপি, অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
টাউন মসজিদ ছাড়াও খুলনা মহানগরীর বিভিন্ন মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন।