বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৭

বরিশালে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত 

ছবি : বাসস

বরিশাল, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় আজ ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বরিশাল সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। 

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। 

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম উপ-পরিচালক মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম ও সরকারি ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক এস.এম আসাদুজ্জামান।  

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মধুসূদন হালদার এবং স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সাদিয়া মাহবুব।
 
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় কবি-সাহিত্যিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।