বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ২২:০৫

রাজশাহীতে তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করলেন তথ্য সচিব

সোমবার রাজশাহীতে তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। ছবি: বাসস

রাজশাহী, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গুণগতমান বজায় রেখে রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। 

আজ সোমবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গাস্থ ফায়ার সার্ভিসের পাশে নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এমন নির্দেশ দেন।

তথ্য সচিব বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে সরকারের বরাদ্দ অর্থ স্বচ্ছতার সাথে ব্যয় করতে হবে। আর্থিক ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি যথাসময়ে প্রকল্প শেষ করতে হবে। 

তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গতি বাড়ানোর সাথে সাথে দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে হবে। অর্থের কোনো সমস্যা নেই, অর্থ ছাড় হয়ে গেছে। 

পরিদর্শনকালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।