শিরোনাম

রংপুর, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়াই হোয়াইট ব্রেড উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে।
বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে। এসময় মহানগরীর সাজাপুর এলাকার আসিফ বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স গ্রহণ না করেই পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে দীর্ঘদিন ধরে উৎপাদন ও বিক্রি করছিল।
এ ঘটনায় বিএসটিআই আইন ২০১৮-এর ১৫(১) ও ২৭ ধারায় জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক তাদমিরা শারমিন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।